ফুটবলারদের প্রাপ্তির ম্যাচ আজ

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২১:৩৪

এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল বাছাইয়ের গ্রুপ পর্ব হতে সাফের যে কয়টি দেশ খেলছিল তাদের মধ্যে শুধু বাংলাদেশই নয় ভারতের মতো শক্তিশালী দলও গ্রুপ পর্ব হতে বিদায় নিয়েছে। মালদ্বীপ, নেপালের বিদায়ের পথে হেঁটেছে সাফে না থাকা ফুটবল দেশ আফগানিস্তানও। ১১টি দেশে অনুষ্ঠানরত গ্রুপ পর্বের সব খেলা আজ শেষ হয়ে যাবে। প্রত্যেক দলের একটি করে খেলা রয়ে গেছে। আজ শেষ দিনে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ের পাশাপাশি বিদায় নেওয়া দলগুলোর নিয়ম রক্ষার লড়াইটাও শেষ হয়ে যাবে। এর আগ পর্যন্ত বলা যায় ভারত, নেপাল, মালদ্বীপ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র বাংলাদেশ দল মর্যাদার সঙ্গে বিদায় নিচ্ছে। দুটি খেলায় হারলেও সেই হারের ব্যবধান মাত্র দুই ম্যাচে ২ গোল। শ্রীলঙ্কা ২ খেলায় ১৮ গোল, মালদ্বীপ ২ খেলায় ৯ গোল, নেপাল ২ খেলায় ৬ গোল, ফিফার র্যাংকিংয়ে ১০৩-য়ে থাকা ভারত ২ খেলায় ৫ গোল হজম করে বিদায় নিশ্চিত হয়েছে। আজ নিজ নিজ গ্রুপের তৃতীয় এবং শেষ খেলায় গোল দেওয়া-নেওয়ার অঙ্কটা চূড়ান্ত হয়ে যাবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল বাহরাইন (১-০) এবং ফিলিস্তিনের বিপক্ষে দারুণ ফুটবল খেলেছে। দুই দলের ফুটবল পার্থক্যের লড়াইয়ের হিসাবে হারের ব্যবধানটা আরো বড় আশঙ্কা করা হয়েছিল। কিন্তু সুফিল, জনি, রবিউল, বিপলু, বিশ্বনাথ, জিকোরা আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে। সাহসী ফুটবল খেলেছে। তাদের প্রশংসা দেশের ফুটবল অঙ্গনে জায়গা পেয়েছে।

‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা ফিলিস্তিনের কাছে ৯-০ এবং বাহরাইনের কাছে ৯-০ গোলে হেরেছে। আজ সন্ধ্যা ৭টায় বাহরাইনে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শেষ ম্যাচ। বাংলাদেশ যে পারফরম্যান্স করে এসেছে তাতে পরিষ্কার বাংলাদেশ আজ ফেভারিট। ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২ এবং শ্রীলঙ্কা ২০১ নম্বরে। কাছাকাছি অবস্থান হলেও পার্থক্য খুব একটা প্রভাব ফেলে না। মাঠের লড়াইটা কেমন হবে সেটাই বড়। ১০০ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিন এবং ৮১ ধাপ এগিয়ে থাকা বাহরাইন গোলের ঝুলি ধরিয়ে দিতে পারত বাংলাদেশকে। সেটা হয়নি খেলোয়াড়দের লড়াকু পারফরম্যান্সের কারণেই। হিসাবের কাটাকাটি করে বলা যায় অনেক প্রাপ্তির ম্যাচ হতে পারে আজ। এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের বাছাইয়ে বাংলাদেশ এবার নিয়ে চতুর্থবার লড়াই করছে। গত তিন আসরে ১০ ম্যাচ খেলে ১টি ড্র ছাড়া জয় পায়নি। শ্রীলঙ্কাকে হারাতে পারলে প্রথম জয়ের মুখ দেখবে।

স্বাগতিক বাহরাইনের বিপক্ষে প্রথম খেলায় গোলকিপার জিকো দারুণ খেললেও ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামার আগে ওয়ার্মআপে পুরো চোট নতুন করে বেড়ে যায়। মাঠে নামতে পারেননি জিকো। তৃতীয় গোলকিপার পাপ্পুর অনভিজ্ঞতায় বাংলাদেশ একমাত্র গোলটি হজম করে হেরেছে। বাহরাইনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাংলাদেশের খেলার দিনে দর্শক উপচে পড়ছে। লাল সবুজ পতাকা নিয়ে গ্যালারি হতে গগন বিদারি চিত্কার করেছেন। খেলোয়াড়দের জন্য বড় প্রেরণা ছিল প্রবাসী দর্শক। গ্রুপ হতে বিদায় নিলেও আজো ফুটবলারদের পেছনে গলা ফাটিয়ে জ্বালানি দিয়ে যাবেন প্রবাসী বাঙালিরা। একটা জয়ের আশা নিয়ে মাঠে যাবেন। জিতলে তারাই হবেন এএফসি কাপ বাছাইয়ে একমাত্র জয়ের সাক্ষী।