টানা দুই ম্যাচ হারলেও আশা হারাচ্ছে না পাকিস্তান দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়ার আগাম ঘোষণা তাই দিয়ে রাখলেন দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক শোয়েব মালিক।
অধিনায়ক মালিক সিরিজে জয় পরাজয় নিয়ে খুব একটা ভাবছেন না। দ্বিতীয় ম্যাচ শেষে শারজাহতে তিনি বলেন, ‘আগামী ম্যাচে একাদশে আরো বেশি তরুণ ক্রিকেটার থাকবেন। এটা আসলে জিততেই হবে এমন কোনো সিরিজ নয়। এখানে আমরা নিজেদের বেঞ্চের শক্তিমত্তা ঝালাই করে নিতে চাই।’
প্রথম ম্যাচের পর দ্বিতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা। আগামীকাল অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে। এখানে জিতলেই সিরিজটা নিজেদের করে নেবে অস্ট্রেলিয়।
দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা অনবদ্য ১৫৩ রানের ইনিংস খেলেন ফিঞ্চ। প্রথম ওয়ানডেতে ১১৬ রান করেছিলেন তিনি। টানা দ্বিতীয় ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিঞ্চ। ম্যাচ শেষে তাঁর কণ্ঠে তাই ছিল স্বস্তির নিঃশ্বাস।
বললেন, ‘এটা এমন একটা উইকেট যেখানে ইনিংসটাকে বড় করার জন্য কেবল নিজের খেলাটা খেলতে পারলেই হয়। তবে, যখন শুরুতে উইকেটে এসেছিলাম, মানিয়ে নেওয়া একটু কঠিন ছিল। আমি আসলে ইমাদের ওভারগুলো কাটিয়ে দিতে চাইছিলাম। ওর বলগুলো স্ট্যাম্প ও প্যাড বরাবর আসছিল। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। ওর বিপক্ষে কোনো ঝুঁকি না নিয়ে উইকেট আঁকড়ে থেকে রানের খাতা সচল রাখাটাই ছিল আমাদের মূল লক্ষ্য।’
এদিকে শেষ তিন ওয়ানডে ম্যাচের জন্য ডান হাতি পেসার ফাহিম আশরাফকে বিশ্রাম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে আশানুরূপ কিছুই করতে পারেননি ২৫ বছর বয়সী ফাহিম। দুই ম্যাচে ব্যাট হাতে ৪২ রান ও ৯৫ রানে ১ উইকেট নেন তিনি। যদিও, এখন অবধি কোনো বদলির নাম ঘোষণা করা হয়নি। দলে পাঁচজন পেসার আগে থেকেই আছেন।
তারা হলেন- মোহাম্মদ আমির, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন ও উসমান খান শিনওয়ারি। ফলে নতুন করে কাউকে ডাকার প্রয়োজনীয়তা দেখছে না পিসিবি।
