১২ অক্টোবর থেকে শুরু হয়ে মা ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞার আটদিন পেরিয়ে গেলেও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা তালিকাভুক্ত সাত হাজার ২৩০ জেলের ভাগ্যে এখনো চাল সহায়তা মেলেনি। জেলেরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ ছাড়া অন্য কোনো কাজ না জানায় চরম অর্থ সঙ্কটে মানবেতর জীবন যাপন করছেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ডিমওয়ালা ইলিশ ধরার উপর টানা ২২ দিন প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে। তাই প্রশাসনের কঠোর নজরদারিতে রয়েছে রায়পুর উপকূলীয় মেঘনা নদী। জেলেরাও মৎস্য অধিদফতরের সহায়তার আশায় নদীতে ইলিশ শিকারে নামছেন না। তাদের এ কষ্ট লাঘবের জন্য সরকার এ ২২ দিনের জন্য খাদ্য সহায়তা বাবদ ভিজিএফ কর্মসূচির আওয়তায় প্রতিটি জেলে পরিবারকে ২০ কেজি করে চাল দেয়ার ঘোষণা দেন। কিন্তু ইউপি চেয়ারম্যান তালিকা দিতে দেরি করায় এখনো জেলেরা চাল পাচ্ছেন না।
জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মোস্তফা বেপারী জানান, সরকার চাল দেবে এই আশায় এবার নদীতে নামেননি জেলেরা। কিন্তু আটদিন শেষ হলেও সহায়তা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে জেলে পল্লির কয়েক হাজার মানুষ বড় কষ্টে আছেন। যদি এখনই দ্রুত জেলেদের চাল না দেয়া হয় তাহলে পরিবারের দুশ্চিন্তায় বাধ্য হয়েই নদীতে মাছ শিকারে নামবেন জেলেরা। এতে সরকারের ডিমওয়ালা ইলিশ রক্ষা কর্মসূচি ব্যাহত হওয়ায় আশঙ্কা রয়েছে।
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘উপজেলায় মোট তালিকাভুক্ত সাত হাজার ২৩০ জন জেলে রয়েছে। এদের মধ্যে প্রায় সাড়ে ছয় হাজার জাটকা শিকারের জেলে আছে। তালিকা করে আগামী দুই একদিনের মধ্যে উপজেলার ছয় হাজার ৭৩ জেলে পরিবারকে সরকারি বরাদ্দের ২০ কেজি করে চাল সহায়তা দেয়া হবে।
ইত্তেফাক/এএসএমইউ
