অন্যকে ফাঁসাতে ভাইকে হত্যা, চারজনের যাবজ্জীবন

আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ২২:১৭
জমি নিয়ে বিরোধে প্রতিবেশীকে ফাঁসাতে ভাইকে হত্যার দায়ে বড় ভাই আয়াত আলীসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকের ২০ হাজার টাকা করে  জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
 
বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান বুধবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আয়াত আলী আদালতে উপস্থিত ছিলেন। তবে হত্যায় জড়িত অপর তিন আসামি পলাতক রয়েছেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়া সদরের ভাটকান্দি গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে আয়াত আলী, নন্দীগ্রাম উপজেলার কুচমা গ্রামের মৃত আরজুল্লাহর ছেলে আব্দুল খালেক, একই গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল মতিন ও ছলিম উদ্দীনের ছেলে বুলু মিয়া।
 
আদালত সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার কুচমা গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে আয়াত আলী জমি নিয়ে বিরোধে প্রতিবেশী আজিজ মণ্ডল গংদের ফাঁসানোর পরিকল্পনা করে। সে মোতাবেক আয়াত আলী তিনজনকে ভাড়া করে ২০০৫ সালের ২৫ এপ্রিল রাতে তার আপন ভাই আব্দুর রহমানকে হত্যা করে বাড়ির পাশে ফেলে রেখে আসে।  এর পর আয়াত আলীর আরেক ভাই মো. মোখলেছার রহমান বাদী হয়ে প্রতিবেশী আজিম, জসিম মোল্লা, রহিমা, ইউনুস, আনিছুর রহমান, আবেদ আলী, ছিদ্দিক, গোলাম রব্বানী, আব্দুর রহিম ও খোকা মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।
 
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মনির ঘটনার রহস্য উদঘাটনের জন্য প্রথমে আয়াত আলীকে গ্রেফতার করলে আয়াত আলী তার ভাইকে নিজেই হত্যা করিয়ে নিয়েছে বলে স্বীকার করেন।
 
ইত্তেফাক/ইউবি