পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে পাঁচ বাঙালি সংগঠনের ডাকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। উপজেলায় কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুললেও বন্ধ রয়েছে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কের যান চলাচল। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। এছাড়া জেলার অন্যান্য উপজেলার অভ্যন্তরীণ সড়কে ঢিলেঢালা হরতাল পালনের খবর পাওয়া গেছে।
এদিকে উপজেলার জামতলী এলাকায় পিকেটার দেখা গেলেও বাস টার্মিনাল ও উপজেলা পরিষদ এলাকায় কোনো পিকেটার দেখা যায়নি।
পুলিশ জানায়, নাশকতা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত উপজেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, ৬ অক্টোবর পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী ২০১৬ জাতীয় সংসদে পাশ হয়। গত বৃহস্পতিবারও হরতাল পালন করেছে বাঙালি সংগঠনগুলো।
ইত্তেফাক/এএসএমইউ
