বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন নেইল ম্যাকেঞ্জি। শুধু সীমিত ওভারের ক্রিকেটেই কাজ করেন তিনি। টেস্টের জন্য আলাদা ব্যাটিং কোচ নিয়োগ দেওয়ার কথা অনেক আগেই বলেছিল বিসিবি। যদিও সেটি বিশ্বকাপের আগে হওয়ার সম্ভাবনা এখন আর নেই।
তবে সম্প্রতি সাদা পোশাকে টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে আলোচনায় এসেছে ওয়াসিম জাফরের নাম। ভারতীয় এই ব্যাটসম্যান এখন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪১ বছর বয়সী এই ওপেনারের ব্যাটের ধারাবাহিকতা ঈর্ষণীয়। ১৯ হাজারের বেশি রান করেছেন। ৫৭টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৮৮টি হাফ সেঞ্চুরি। তামিমদের ব্যাটিং কোচ হিসেবে ভারতের হয়ে ৩১টি টেস্ট খেলা ওয়াসিম জাফরের নাম বিসিবির কাছে সুপারিশ করেছেন খালেদ মাহমুদ সুজন। গতকাল মিরপুর স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান ম্যাচ শেষে বিসিবির এই পরিচালক বলেছেন, শুধু ডেভলপমেন্ট নয় আমি জাতীয় দলের জন্যই ওর নাম সুপারিশ করেছি। দেখি বিসিবি কি করে। খুব ভালো ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ওর রেকর্ড দুর্দান্ত।
