শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৪:২৪
ঝিনাইদহ শৈলকুপা উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থক-গোষ্ঠীর দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে উপজেলার সাপখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নয়জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে ওই গ্রামের ইউপি সদস্য টিটু শিকদার ও সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে শহিদুল ইসলামের লোকজন টিটু শিকদারের সমর্থকদের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ