জয়পুরহাট সদর উপজেলার জয়পুরহাট-আক্কেলপুর সড়কের দাদড়া জন্তিগ্রাম এলাকায় ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নাজমুল হোসেন (৩৮) নামে এক মাদ্রসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জয়পুরহাট শহরের নুরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক নাজমুল হোসেন তার ছেলের খতনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে নিজ বাড়ি নওগাঁ জেলার মহদেবপুরে যাচ্ছিলেন। এ সময় জয়পুরহাট-আক্কেলপুর সড়কের দাদড়া জন্তিগ্রাম এলাকায় আক্কেলপুর থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নাজমুল মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
জানা গেছে, দুর্ঘটনার পর চালক ঘাতক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সহকারী দারোগা শামীমের নেতৃত্বে জয়পুরহাট থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নাজমুলের লাশ উদ্ধার করে। নাজমুলের মরদেহ মাদ্রাসায় নেয়া হলে শোকের ছায়া নেমে আসে। ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি ফরিদ হোসেন।
ইত্তেফাক/এমআই
