সুন্দরবনের ৬ জলদস্যু গ্রেফতার, অস্ত্র-গুলি-রামদা জব্দ

আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৬:২৮
খুলনার সুন্দরবনের নদীতে ডাকাতির প্রস্তুতিকালে ছয় জলদস্যুকে গ্রেফতার করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। এ সময় তিনটি পাইপগান, সাত রাউন্ড শটগানের গলি, তিনটি গুলির খোসা এবং চারটি রামদা জব্দ করা হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুর একটায় নগরীর লবণচরাস্থ র‌্যাব-৬’র সদর দফতরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
 
র‌্যাব-৬ এর পরিচালক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে র‌্যাব সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার কালাবগি গ্রাম এলাকায় অভিযানে যায়। এ সময় স্থানীয় চেয়ারম্যান ঘাটস্থ গুরুরকোন ঘের সংলগ্ন সুতারখালী নদীর পশ্চিম পাড়ে ১০/১২ জন জলদস্যু মাছের বড় ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় র‌্যাব উপস্থিত হলে জলদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ঘটনাস্থল ঘেরাও করে ছয় জলদস্যুকে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন, ইয়াহিয়া মোড়ল (২৮), অলি সরদার (৩৫), মো. জুলফিকার কবির (৩৫), দেবব্রত মণ্ডল (৩২), সুকুমার বাওয়ালী (৪০) ও দেলোয়ার শেখ (৩২)। পরে তাদের কাছ থেকে এসব অস্ত্র, গুলি ও রামদা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ