অস্ট্রেলিয়াভিত্তিক সস কোম্পানি বায়রন বে চিলি সস বাংলাদেশে উত্পাদন ও বাজারজাত শুরু করেছে প্রাণ। বৃহস্পতিবার ঢাকায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে ছয়টি ভিন্ন স্বাদের চিলি সস উদ্বোধন করা হয়।
অভিনব স্বাদের চিলি সসগুলো হচ্ছে- স্মোকিন' ম্যাংগো, স্পাইসি লেমনগ্র্যাস, গ্রিন জালাপেনো, হেভেনলি হাবানেরো, ফায়েরি কোকোনাট ও রেড বাঙালি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট, অস্ট্রেলিয়ান ট্রেড কমিশনের কান্ট্রি ম্যানেজার মিনহাজ চৌধুরী, বায়রন বে চিলি কোম্পানির পরিচালক জন বোলান্ড, প্রাণ এর পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ এগ্রো লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন ও ক্যাটাগরি ম্যানেজার তোষণ পাল।
বায়রন বে’র নিজস্ব প্রযুক্তি ও ফর্মুলায় দেশ-বিদেশের উত্কৃষ্টমানের মরিচ ও অন্যান্য উপাদানের সমন্বয়ে নাটোরে প্রাণ এগ্রো লিমিটেডের কারখানায় এই সস তৈরি করা হচ্ছে। নতুন ধরনের এই সস ভোজন রসিক বাঙালির খাবারে বাড়তি স্বাদ ও পুষ্টি যোগ করবে।
২৮০ গ্রাম চিলি সসের মূল্য ধরা হয়েছে ১৮০ টাকা। সারা দেশের অভিজাত সুপারশপ ও বিপণীকেন্দ্রগুলোতে এই সস পাওয়া যাবে।
এ প্রসঙ্গে ইলিয়াছ মৃধা বলেন, বায়রন বে’র চিলি সস বিশ্বজুড়ে সুবিদিত। আন্তর্জাতিক মান অনুসারে তৈরি এই সস দেশ-বিদেশের ভোক্তাদের খাবারে বৈচিত্র আনবে। প্রাণ ও বায়রন বে'র যৌথ পথচলা ভোক্তাদেরকে ভিন্ন ধরনের ও উত্কৃষ্টমানের চিলি সস এর সাথে পরিচয় করিয়ে দিবে।
