বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৮:১৫
উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  
 
সকাল সোয়া ৯টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।  পরে ৩৩টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে জজকোর্ট, রায় সাহেব বাজার এবং ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়। 
 
বেলা ১১টার দিকে কেন্দ্রীয় মিলনায়তনে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সংগীতানুষ্ঠানের সূচনা করা হয়। সংগীতানুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে একক ও সম্মিলিত কণ্ঠে  সংগীত পরিবেশিত হয়। 
IMG0
দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে  আলোচানা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
 
রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আককাস, শিক্ষক সমিতির সভাপতি ড. কাজী সাইফুদ্দীন, সাধারণ সম্পাদক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, কর্মকর্তা সমিতির সভাপতি সৈয়দ আলী আহমেদ, জবি শাখা ছাত্রলীগের  সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক  সিরাজুল ইসলাম প্রমুখ। 
 
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘গঙ্গা থেকে বুড়িগঙ্গা’ যাত্রাপালা অনুষ্ঠিত হয়। এ ছাড়া  বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে মঞ্চ মাতান দেশের অন্যতম সেরা ব্যান্ডদল শিরোনামহীন ও নগর বাউল জেমস।  
 
ইত্তেফাক/ইউবি