বাগেরহাটে হত্যা মামলায় ২ ভাইয়ের যাবজ্জীবন

আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৯:০১
বাগেরহাটে ইছুব আলী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। 
 
একই তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়। 
 
বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন। একই সঙ্গে এ মামলায় অপর চার আসামির প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে খালাস দেন। আসামিরা সবাই একই পরিবারের সদস্য। 
 
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই ভাই হলেন, জেলার কচুয়া উপজেলার বাঁধাল নিকারীপাড়া গ্রামের সেরজন আলীর ছেলে আক্কাস আলী সরদার এবং আশ্রাব আলী সরদার।
 
এক বছর করে দণ্ডপ্রাপ্ত চারজন হলেন, সেরজন আলী সরদারের আরেক ছেলে নুরুল ইসলাম, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আক্কাস আলীর স্ত্রী রহিমা বেগম, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আশ্রাব আলীর ছেলে কামরুল আলী ও কামরুলের স্ত্রী কামরুন্নেছা। দণ্ডপ্রাপ্তরা জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন। 
 
মামলা থেকে অব্যাহতিপ্রাপ্ত দুই নারী হলেন- ফাতেমা বেগম এবং মঞ্জিলা বেগম। 
 
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তদের সঙ্গে একই গ্রামের শাজাহান হাওলাদারের জমি সংক্রান্ত বিরোধ ছিল। ২০০২ সালের ২০ ডিসেম্বর সকালে আসামিরা বিরোধপূর্ণ ওই জমির গাছের ডাল কাটতে যান। এ সময় শাজাহান হাওলাদারের বাবা ইছুব আলী হাওলাদার তাদের বাধা দেন। ঘটনার এক পর্যায়ে আসামিরা পিটিয়ে ইছুব আলীকে হত্যা করে।
 
ইত্তেফাক/ইউবি