জবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ৪ জনের কারাদণ্ড

আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ২১:৩৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই পরীক্ষার্থীসহ ৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
 
শুক্রবার বিকেলে পরীক্ষা চালাকালে ক্যাম্পাস এলাকায় তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টার জবি ক্যাম্পাসের পরিচালক মফিজুর রহমান রনি, জবির বাংলা বিভাগের সাইফ আহম্মেদ লিখন, ভর্তিচ্ছু শিক্ষার্থী আব্দুর রহমান ও মোশতাক আহম্মেদ। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
 
জানা যায়, প্রশ্নপত্রসহ ক্যাম্পাসে প্রবেশ করার সময় এক পরীক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে প্রাথমিক জিজ্ঞাসার পরে বিকেল তিনটর দিকে কনফিডেন্স বিসিএস কোচিং সেন্টারে অভিজান চালিয়ে কচিং পরিচালকসহ আরো দুই জনকে আটক করা হয়। 
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ ঘটনার সত্যত্য নিশ্চিত করে বলেন, জালিয়াতির অভিযোগে চারজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে কঠোর অবস্থানে জবি প্রশাসন।
 
এবার ‘এ’ ইউনিটে ৮২৫টি আসনের (বিজ্ঞান-৭৯৭ ও  অন্যান্য-২৮) বিপরীতে ৬৪ হাজার ৩০৬ শিক্ষার্থী পরীক্ষার জন্য আবেদন করে। এতে প্রতি আসনের বিপরীতে লড়ছে প্রায় ৭৮ শিক্ষার্থী।  শুক্রবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ রাজধানীর ৩১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।