কুষ্টিয়ার মিরপুর উপজেলার আন্তঃজেলা ডাকাত সর্দ্দার সিরাজ মল্লিক (৩৫) রাজবাড়ী জেলার কালুখালী থানা পুলিশের হাতে আটক হয়েছে। তার কাছ থেকে দেশে তৈরি ১টি শাটার গান, ১ রাউন্ড তাজা গুলি ও ১টি ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়। গত ১৮ অক্টোবর দিবাগত রাতে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের কালুখালী উপজেলাধীন মহনপুর এলাকা হতে আটকের ঘটনা ঘটে।
জানা গেছে, আন্তঃজেলা ডাকাত সর্দ্দার সিরাজ ও তার দলের ১৫/১৬ জন ডাকাত রাস্তার উপর গাছ ফেলে ওই স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে কালুখালী থানা পুলিশ সেখানে হাজির হয়। সিরাজের সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাকে (সিরাজ) থানা পুলিশ আটক করে ফেলে। সিরাজের কাছ থেকে উক্ত মালামাল উদ্ধার করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ২টি মামলা হয়। যার নং- ৬ ও ৭ তারিখ ১৯/১০/২০১৬। কুখ্যাত ডাকাত সিরাজের ব্যাপারে কালুখালী থানার এসআই জাহিদুল ইসলামের সঙ্গে আলাপ করলে আটকের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ডাকাতির প্রস্তুতি কালে তাকে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে ডাকাতির কথা স্বীকার করে। যা তদন্তের স্বার্থে গোপন রাখা হচ্ছে।
তবে কুষ্টিয়ার মিরপুরে দুই সাংবাদিকের ২টি মোটরসাইকেল ডাকাতির মিশনে থাকার বিষয়টিও স্বীকার করে ডাকাত সিরাজ জানিয়েছে মোটরসাইকেল ২টি আলমডাঙ্গা থানার শিপন ও গাংনী থানার হাসানুজ্জামান লালন ওরফে লালান নিয়ে যায়। তাকে ৭দিনের রিমান্ড চেয়ে রাজবাড়ী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক গ্রামের কাগজ’র জেলা এবং নিউজ সংস্থা এনএনবি’র উপজেলা প্রতিনিধি বাবলু রঞ্জন বিশ্বাস ও সাধারন সম্পাদক দৈনিক মানব জমিন পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি মারফত আফ্রিদীর মোটর সাইকেল ডাকাতি মামলার মূল হোতা সিরাজ মল্লিক (৩৫) কে ২০১৫ সালের ৭ নভেম্বর মিরপুর থানা পুলিশ আটক করে। পরে পুলিশের কাছে সে ডাকাতির সব ঘটনা স্বীকার করে। নির্ভরযোগ্য সূত্র জানায়, ডাকাতি হওয়ার পর পরই পুলিশের মোষ্ট ওয়ান্টেড সিরাজ মল্লিক ৬ মাসের অধিক সময় এলাকা ত্যাগ করে পালিয়ে ছিল। পরবর্তীতে পুলিশ তাকে হন্য হয়ে খোঁজে। একপর্যায়ে সোর্সের মাধ্যমে তাকে (সিরাজ মল্লিক) পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শেষে পরের দিন বিকেলে জেল হাজতে প্রেরণ করে।
২০১৫ সালের ১২ এপ্রিলে ঘটনার রাতে মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক গ্রামের কাগজ’র জেলা প্রতিনিধি ও নিউজ সংস্থা এনএনবি’র উপজেলা প্রতিনিধি বাবলু রঞ্জন বিশ্বাস ও সাধারন সম্পাদক দৈনিক মানব জমিন পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি মারফত আফ্রিদী পেশাগত দায়িত্ব পালনে চিথলিয়ায় যাচ্ছিলেন। এ সময় ডাকাতদল রাস্তায় গাছের গুড়ি ফেলে তাদের গতিরোধ করে হাত-পা ও চোখ বেঁধে ২টি মোটর সাইকেল, ১টি ল্যাপটপ, ১টি স্বর্ণের আংটি, নগদ টাকা ও ৪টি মোবাইল ফোন ডাকাতি করে পালিয়ে যায়। এ ব্যাপারে মিরপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের হয়। যার নং-৪, তাং ১৩/০৪/২০১৫। ধারা: ৩৯৫/৩৯৭। কুখ্যাত ডাকাত সিরাজ কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউপি’র চিথলিয়া গ্রামের মল্লিক পাড়া মৃত হাড়– মল্লিকের ছেলে। তার বিরুদ্ধে মামলাগুলো হচ্ছে, রাজবাড়ী জেলার কালুখালী থানায় ২২ ডিসেম্বর ২০১৪ সালে ১টি ডাকাতি যার নং-৫, কুষ্টিয়ার মিরপুর থানায় ১টি ডাকাতি যার নং- ৪ তারিখ ১৩ এপ্রিল ২০১৫ সাল এবং রাজবাড়ী জেলার কালুখালী থানায় ১৯ অক্টোবর ২০১৬ সালে ১টি ডাকাতি ও ১টি অস্ত্র মামলা যার নং- ৬ এবং ৭।
ইত্তেফাক/এএন
