পেশিশক্তি-কালো টাকার দৌরাত্ম্যে দুদক ব্যর্থ : চেয়ারম্যান

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ০০:২৯

দুর্নীতি রোধে নিজেদের ব্যর্থতা স্বীকার করে এর জন্য সমাজে পেশিশক্তি ও কালো টাকার দৌরাত্ম্যকে দায়ী করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুদকের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সংস্থাটির কার্যালয়ে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, আমরা জনগণের বিশ্বাস সেই মাত্রায় অর্জন করতে ব্যর্থ হয়েছি, এর কারণটা ব্যাখ্যা করতে হবে। সত্যকে আমাদের স্বীকার করতে হবে। সত্যটা হলো-সমাজের পেশিশক্তি ও কালো টাকার দৌরাত্ম্যের কারণে আমরা পারিনি। আপনি প্রশ্ন করতে পারেন কোনো পেশিশক্তি আপনাকে বাধা দিল? উত্তর আমি দেব না, আপনাকে উত্তর বের করতে হবে। তিনি বলেন, কে সিদ্ধান্ত নেয়, কে ক্ষমতায় থাকে, তার উত্তর নিশ্চয় আপনার কাছে আছে। আমি এটুকুই বলব সমাজের পেশিশক্তি ও কালো টাকার দৌরাত্ম্যের কারণে আমরা জনগণের বিশ্বাসের জায়গায় পৌঁছাতে পারিনি।

তবে জনগণের বিশ্বাস অর্জনে দুদক চেষ্টা করছে জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, তার মানে এই নয় যে, আমরা পৌঁছাতে পারব না। আপনারা দেখেছেন আমরা প্রতিটি স্তরেই গিয়েছি, ধরেছি আইনের আওতায় এনেছি। আমরা একটা বার্তা দিতে চেয়েছি, সেখানে কিছুটা সফল হয়েছি- বার্তা দিতে পেরেছি যে আপনি দুর্নীতিবাজ, আপনি ধরাছোঁয়ার বাইরে নন, আপনাকে ধরা সম্ভব। এটাই আমাদের বড় সফলতা। তবে পরিপূর্ণ সফলতা এই জন্য নয় যে, এখনও সমাজে কালো টাকা ও পেশিশক্তির দৌরাত্ম্য আছে।

ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তকে দুর্নীতিবিরোধী কবিতা, প্রবন্ধ ও রচনা রাখার বিষয়ে সরকারের কাছে সুপারিশ করা হবে বলেও জানান ইকবাল মাহমুদ। সমপ্রতি পাস হওয়া সরকারি কর্মচারী আইন দুদক পর্যালোচনা করবে জানিয়ে তিনি বলেন, এই আইনে কর্মচারীদের ম্যানেজমেন্ট কী হবে, সেটা যদি না থাকে তাহলে পর্যালোচনা করে নিজেরা একটা আইন তৈরি করার উদ্যোগ নেব। সেখানে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তাদের সম্পত্তির বার্ষিক হিসাব দেওয়ার বিধান রাখা হবে।