গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উত্সব শিল্পকলায় শুরু

আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ০৮:৪৩
 
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো পঞ্চমবারের ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উত্সব ২০১৬’-এর। মিলনায়তনে ‘টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল’ গানের সঙ্গে সঙ্গে ঢোল হাতে নৃত্যশিল্পীদের নৃত্য পরিবেশনার সঙ্গে একঝাঁক তরুণী মঙ্গলপ্রদীপ হাতে নিয়ে উঠে এলো মঞ্চে। এরপর ‘ঢোল বাজে ঢোল বাজে’ গানের সঙ্গে স্পন্দনের শিল্পীদের আরেকটি নৃত্য। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ছিল এই উত্সবের উদ্বোধনী আয়োজন। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জয়শ্রী কুন্ডু, বিশ্ব আইটিআই-এর সাম্মানিত সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার, কথাশিল্পী অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, তার পুত্র দ্বিতীয় সৈয়দ হক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী, ঝুনা চৌধুরী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। স্বাগত বক্তব্য রাখেন উত্সব পর্ষদের সদস্যসচিব আকতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালন করেন মীর জাহিদ হাসান। সভাপতিত্ব করেন গঙ্গা-যমুনা নাট্যোত্সব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ। উত্সবটি উত্সর্গ করা হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতির উদ্দেশে।
 
২১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১০দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং নৃত্য ও সঙ্গীত মিলনায়তনে ভারতের ৩টি, ঢাকা’র ২৫টি ও ঢাকার বাইরের ২টি নাট্যদলসহ মোট ৩০টি নাট্যদলের মঞ্চনাটক এবং উত্সব প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে ৫৩টি সংগঠন এর আবৃত্তি, সংগীত, নৃত্য ও পথ নাটক পরিবেশনা নিয়ে অংশগ্রহণের মধ্য দিয়ে এবারের ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উত্সব-২০১৬’ উদ্যাপিত হবে। উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব প্রতিদিন ৪টা থেকে ৬.৩০ মি. পর্যন্ত এবং মঞ্চনাটক প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে।
 
বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রদর্শনী ‘কান্ট্রি উইদাউট বর্ডার’
 
বাংলাদেশ ও ভারতের শিল্পীদের ছবি নিয়ে শুরু হলো ‘কান্ট্রি উইদাউট বর্ডার’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী। এ প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন শিল্পী চারু পিন্টু ও এশা জাবিন এবং ভারতের পিনাকী আচার্য ও অশোক কুমার দে।
 
গতকাল শুক্রবার ‘বিশ্ব সাহিত্য কেন্দ্রর আর্ট গ্যালারিতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এ প্রদর্শনীর। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। প্রদর্শনীর উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ  ‘ইউডা’-এর চারুকলা অনুষদের চেয়ারম্যান শাহজাহান আহমেদ বিকাশ।
 
প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের চার শিল্পীর ৪০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।
 
লা মেরিডিয়ানে আলোকচিত্র প্রদর্শনী
 
ভারতীয় হাইকমিশনের আয়োজনে হোটেল লা মেরিডিয়ানে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। ‘মাই ডটার ইজ প্রেশাস’ শীর্ষক এ প্রদর্শনীতে ভারতীয় দুই আলোকচিত্রী কাব্য রাজেশ ও রাজেশ রামাকৃষ্ণানের ছবি স্থান পেয়েছে। প্রদর্শনীটি কিউরেট করেছেন সৌদ আল ফয়সাল। চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।
 
উদীচীর সম্মেলন
 
প্রাণ-প্রকৃতি রক্ষার শপথ নিয়ে শুরু হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের সম্মেলন। “আঘাত হয়ে দেখা দিলে আগুন হয়ে জ্বলবে, প্রাণ-প্রকৃতি রক্ষায় বিশ্বমানব লড়বে”- এই শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার সকালে শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন উদীচী’র অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ কাজী মদিনা, উদীচী’র উপদেষ্টা আকতার হুসেন, বরেণ্য লোকশিল্পী সাইদুর রহমান বয়াতী, অধ্যাপক বদিউর রহমান, লেলিন চৌধুরী, উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার, জামসেদ আনোয়ার তপন প্রমুখ।
 
ভার্জিনিয়াতে বাংলা উত্সবের ঘোষণা
 
আমেরিকার ভার্জিনিয়াতে ২০১৭ সালের ১৩-১৪ মে অনুষ্ঠিত হবে ‘বাংলা উত্সব। ২১ অক্টোবর সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মৃদুল রহমান, বাংলা উত্সবের বাংলাদেশ প্রতিনিধি সাইমন জাকারিয়া, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক আবদুল জব্বার, ফাদার আবদুস সাত্তার, নাট্যশিল্পী মোমেনা চৌধুরী, আলী আশরাফ আখন্দ প্রমুখ।