কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত মো. খোকন মিয়া (৪৫) লক্ষীয়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক ছিলেন। তিনি পাইক লক্ষীয়া গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে।
জানা গেছে, খোকন মিয়া বাড়ি থেকে বাইসাইকেলে করে পৌরসদর বাজারে আসছিলেন। গরুরহাট এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস পিছন থেকে সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এলাকাবাসী বাসসহ চালককে মিলনকে (৩৫) আটক করে থানায় সোপর্দ করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফন করতে জেলা প্রশাসকের অনুমতি চাওয়া হয়েছে। জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/এএসএমইউ
