রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র মোতালেব হোসেন লিপুর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হলের ডাইনিং রুমের পাশে নর্দমা থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। লিপু জেলার হরিণাকুন্ডু উপজেলার মকিমপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে।
শনিবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে আমতলা বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করে মকিমপুর গ্রামের বাসিন্দা ও এলাকাবাসী ও লিপুর স্বজনেরা। এতে শিক্ষক, কয়েক শ শিক্ষার্থী, এলাকাবাসী ও তার স্বজনরা অংশ নেয়।
জানা গেছে, ঘন্ট্যাব্যাপী এই মানবন্ধনে জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দীন আজাদ, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, স্থানীয় মকিমপুর হাইস্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান ও লিপুর চাচাত ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুম মিয়া বক্তব্য রাখেন। বক্তারা লিপু হত্যা রহস্য উদঘাটন করে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। পরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের তীব্র যানযটের সৃষ্টি হয়।
ইত্তেফাক/এএসএমইউ
