রাবিতে সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পাদনে বিশেষ পদক্ষেপ

আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৭:১৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সোমবার থেকে শুরু হচ্ছে। 
 
পরীক্ষা চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চার শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পাদনের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। 
 
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোনো প্রকার ব্যাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা যাবে না। পরীক্ষার হলে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন ও ব্যবহার নিষিদ্ধ। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রবেশপত্রে ভবনের নাম, কক্ষ ও আসন নম্বর দেওয়া আছে। এ ছাড়া ক্যাম্পাসের সাতটি স্থানে বোর্ডে পরীক্ষার আসন বিন্যাস দেখা যাবে। ক্যাম্পাসে ৪টি স্থানে হেল্প ডেস্ক থাকবে। 
 
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, শুধু বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত স্টিকারযুক্ত যানবাহন কাজলা, বিনোদপুর, চারুকলা ও স্টেশন গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে মেইন গেট দিয়ে বের হয়ে যেতে পারবে। মেইন গেট দিয়ে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। তবে এই গেট দিয়ে হেটে ক্যাম্পাসে প্রবেশ করা যাবে। 
 
এ ছাড়াও ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। একই সঙ্গে সিনেট ভবনের পাশে একটি মোবাইল কোর্ট অবস্থান করবে। 
 
ইত্তেফাক/ইউবি