ইবি থিয়েটারের রজত জয়ন্তী, বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৭:২০
ইসলামী বিশ্ববিদ্যালয় থিয়েটারের (বিথি) ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নাটক মঞ্চায়িত হয়েছে। দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘বাসন’ নাটক মঞ্চায়ন হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
 
সাকিব হাসানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থিয়েটারের সভাপতি ইমাদ উদ্দিন খান। এসময় বিথির উপদেষ্টা ও আইন ও মুসলিম বিধান বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. শাহজাহান মন্ডল, প্রফেসর রেবা মন্ডল, সহযোগী অধ্যাপক আব্দুল গফুর গাজী, ইংরেজি বিভাগের শিক্ষক সজিব কুমার ঘোষসহ থিয়েটারের উপদেষ্টামণ্ডলী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
 
প্রয়াত নাট্যকার সেলিম আল-দীন রচিত ‘বাসন’ নাটকটির নির্দেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি ইমাদ উদ্দীন। নাটকে ফারায়জী বংশের একটি বাসনের কাহিনী চমকপ্রদভাবে ফুটিয়ে তোলা হয়।
 
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ওয়াহিদুজ্জমান শাওন, আনসারুল্লাহ আরিফ, শাম্মি আক্তার, তারিক বিন নজরুল, নাজমুল হক মাহিম, আতিকুর রহমান অনি, আসাদুল্লাহ আল মামুন, নোমান প্রমুখ। 
 
নাট্যনুষ্ঠান শেষে থিয়েটারের সাবেক দায়িত্বশীলদের নিয়ে রিউনিয়ন গঠন করা হয়। এরপর বর্তমান দায়িত্বরত ১৩ তম বিদায়ী কমিটিকে ক্রেস্ট প্রদান ও ১৪ তম কমিটি ঘোষণা করা হয়।
 
এবিষয়ে বিথির সভাপতি ইমাদ উদ্দিন বলেন,‘বিশ্ববিদ্যালয় থিয়েটার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ও একমাত্র নাট্য সংগঠন। প্রশাসনিক সহযোগিতা পেলে সুস্থধারার এই প্রগতিশীল সংগঠনটি আরও অনেক দূরে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’