কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবদুর রহমান (৩০) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট স্টেশনের গোত্রশাল নামক স্থানে রেললাইনের মাঝ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আবদুর রহমান বগুড়া সেনানিবাসের ওয়ান সিগ্যনাল ব্যাটেলিয়ানের সদস্য। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও গ্রামের মফিজুর রহমানের ছেলে।
লাকসাম রেলওয়ে থানার ওসি স্বপন কান্তি বড়ুয়া বলেন, গোত্রশাল নামকস্থানে ডাবলরেল লাইনের মাঝে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে লাকসাম রেলওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। তার কাছে পাওয়া মুঠোফোন দিয়ে ফোন করলে তার ভাই আবদুর রহিম পরিচয় নিশ্চিত করেন।
আবদুর রহিম বলেন, ‘তার ভাই বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া ক্যান্টনমেন্টের ওয়ান সিগনাল ব্যাটেলিয়নের সদস্য। তিনদিনের ছুটি নিয়ে তিনি উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইসএসসি পরীক্ষা দিতে এসেছিলেন। পরীক্ষা শেষে কর্মস্থলে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে কুমিল্লা সেনানিবাসের ডিজিএফআই সদস্য আবদুস সালাম, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার তার সহকর্মী সেনাকর্পোরাল সদস্য বিল্লাল হোসেন ও কামরুল হাসান লাকসাম রেলওয়ে থানায় এসে আবদুর রহমানের লাশ শনাক্ত করেন।
লাকসাম রেলওয়ে থানার ওসি স্বপন কান্তি বড়ুয়া আরো বলেন, আবদুর রহমানের মাথার ডানপাশে, পিছনে, বুকে এবং পেটে ছুরিকাঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে রাতে যে কোন ট্রেনে বা অন্য কোথাও হত্যা করে রেললাইনে ফেলে রাখে হয়েছে।
ইত্তেফাক/ইউবি
