বিপুল উত্সাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে হাজারো ভক্ত অনুরক্তের উপস্থিতিতে রামু উত্তর মিঠাছড়ি ভুবন শান্তি সিংহশয্যা একশফুট গৌতম বুদ্ধমূর্তি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যদিয়ে এ উত্সব উদযাপন করা হয়।
ধর্মালোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি ও রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের। অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাহজাহান আলী, সহকারী কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান, ওসি প্রভাস চন্দ্র ধর প্রমুখ।
বিকালে বৌদ্ধ সমপ্রদায়ের লোকজন বাঁশের তৈরি হাতি, ময়ূর, হাঁস ও হরেক রকম ফুলে কল্পতরু সজ্জিত করে, মাথায় চীবর নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে কীর্তন গেয়ে বুদ্ধমূর্তি প্রদক্ষিণ করে। ধর্মালোচনা সভায় বক্তব্য রাখেন- করুনাশ্রী থের, চেঁকাচারা মহাথের, পাঞাওয়ারা মহাথের, চন্দ্রবংশ মহাথের, প্রজ্ঞাবোধি থের, শীলপ্রিয় থের প্রমুখ। সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্বলন, আকাশে ফানুস বাতি উড়িয়ে ও বিশ্ব শান্তি কামনা করে প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এদিকে ভুটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী ডি এন দুংগিয়েল শুক্রবার বুদ্ধমূতি পরিদর্শনে আসেন। তার সঙ্গে ছিলেন রাষ্ট্রদূত সোনাম টি রাবগি, মন্ত্রণালয়ের আইসিটি অফিসার পেমা দেনদোপ, সেকেন্ড সেক্রেটারি কালদেন দর্জি।
ইত্তেফাক/এএন
