সিংড়ায় পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ০২:১৩
নাটোরের সিংড়ায় রেজিস্ট্রিবিহীন মোটরসাইকেল আটকের নামে পুলিশ চাঁদাবাজি করছে এমন অভিযোগে শুক্রবার নাটোর-বগুড়া মহাসড়ক অবরোধ করে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। পৌর মেয়র ও এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে চলনবিল গেটের সামনের এই অবরোধের কারণে মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। যদিও পৌর মেয়র মহাসড়ক অবরোধে তার সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন।
 
জানা যায়, সিংড়া থানার পুলিশ নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেইটের কাছে শুক্রবার সকাল থেকে চেকপোষ্ট বসিয়ে রেজিস্ট্রিবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করে। অভিযান চলাকালে পুলিশ হেলমেট না থাকার জন্য সিংড়া পৌরসভার ট্যাক্স কর্মকর্তা নাজমুল হকের মোটরসাইকেল আটক করে।
 
এছাড়া রেজিস্ট্রেশনের স্বপক্ষে কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের বেশ ক’জনের মোটর সাইকেল আটক করা হয়। এতে তারা বিক্ষুব্ধ হয়ে এলাকাবাসীকে নিয়ে বালুয়া-বাসুয়া মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম ভোলা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সঙ্গে আলাপ- আলোচনার পর অবরোধ তুলে নেন।
 
অবরোধকারীদের অভিযোগ মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের কাগজপত্র দেখানোর পরও পুলিশ টাকা দাবি করলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এই সড়ক অবরোধ করে।
 
ইত্তেফাক/এএন