নিউইয়র্কে দুই দিনব্যাপী উদীচীর সম্মেলন শুরু

আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৩:৩৭
 
প্রবাসে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারে নিউইয়র্কে শুরু হয়েছে উদীচী যুক্তরাষ্ট্রের দুই দিনব্যাপী সম্মেলন ও বাংলাদেশ উত্সব ২০১৬। স্থানীয় সময় শনিবার দুপুরে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় উদীচীর সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী।
 
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা সৈয়দ হাসান ইমাম ও অভিনেত্রী লায়লা হাসান। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সপরিবারে উত্সবে যোগ দেন এবং উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস স্কুলের শিক্ষার্থীদের পরিবেশিত বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করেন।
 
IMG0
 
সম্মেলন উদ্বোধনের পরপরই একটি  ির্যালি বের হয়। পরে এটি জ্যাকসন হাইটস পিএস-৬৯ স্কুলের মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী অনুষ্ঠানের। প্রথম দিনের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের, গান, কবিতা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন।
 
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, লেখক বেলাল বেগ, সুবত্র বিশ্বাস, জীবন বিশ্বাস প্রমুখ। এছাড়াও ছিল সম্মাননা, নৃত্যালেখ্য, প্রয়াত কবি শহীদ কাদরীর কবিতা আবৃতি, উদীচী স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা, শ্রতিনাটক ‘রক্তকরবী’ এবং ফেরদৌস আরার সঙ্গীতানুষ্ঠান।
 
IMG1
 
দুই দিনব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় দিনে কার্যকরী পরিষদ গঠন করা হবে। এছাড়াও থাকছে আড্ডা, মধ্যাহ্নভোজ, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, উদীচী স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা, নৃত্যানুষ্ঠান ও গণসঙ্গীত।  এসব অনুষ্ঠানমালা সঞ্চালনা করেন কবি ফারুক ফয়সাল, সাবিনা হাই উর্বি প্রমুখ।
 
 
ইত্তেফাক/এএসএস