সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জের সর্দার খাঁ খালটি পুনঃখনন প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আর খাল খননের ফলে উপজেলার হাওর অঞ্চলের চেহারা পাল্টে যাচ্ছে। একই সাথে খালটি খননের ফলে নতুনভাবে ৮ হাজার একর বোরো ও আমন ফসলের জমি উত্পাদনের আওতায় আসবে বলে আশা করছে কৃষকরা।
জানা গেছে, এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সিলেট অঞ্চলের সেচ বিভাগ সিলেট জেলা শহর থেকে প্রায় শত কি.মি. দূরবর্তী সীমান্ত অঞ্চল জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খালটি খনন প্রকল্প হাতে নেয়। ২৮ লাখ ৪৫ হাজার ৬শ ২৫ টাকা ব্যয়ে এ কাজ বাস্তবায়ন হচ্ছে বলে বিএডিসি সূত্রে জানা গেছে। প্রকল্প বাস্তবায়নে এলাকার জনস্বার্থ ও উত্পাদনে বিশেষ ভূমিকা রাখবে জানিয়ে বিএডিসি সেচ বিভাগের সিলেটের নির্বাহী প্রকৌশলী প্রণজিত্ কুমার দেব জানান, খুব শিঘ্রই পুরো প্রকল্পের কাজ শেষ হবে। এরই মধ্যে ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।
তিনি আরো জানান, সর্দার খাঁ খাল পুনঃখননের কাজ শেষ হলে নতুনভাবে ৮ হাজার একর বোরো ও আমন ফসল উত্পাদনের আওতায় আসবে। এছাড়া স্থানীয় কৃষকরা নৌপথে তাদের উত্পাদিত ফসল ঘরে তুলতে পারবে এবং শুষ্ক মৌসুমে বোরো ফসলও উত্পাদন করতে পারবে।
উপজেলার হাতিডহর গ্রামের সর্দার খাঁ খাল কৃষি উন্নয়ন সমবায় সমিতির প্রকল্প চেয়ারম্যান মাস্টার আজিজুল বারী ও সেক্রেটারি আবুল হোসেন জানান, এ প্রকল্প বাস্তবায়নের ফলে আগামী এক বছরের মধ্যে কৃষি বিপ্লবে এলাকার চেহারা পাল্টে যাবে।
