রাজপরিবারের জন্য অসম্মানজনক কনটেন্ট সরিয়ে নেবে গুগল: থাই জান্তা

আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৬:৩২
থাইল্যান্ডের রাজপরিবারকে অপমান করে সৃষ্ট অনলাইন কনটেন্ট মুছে ফেলতে দেশটির সরকারের সঙ্গে কাজ করতে সম্মতি জানিয়েছে গুগল। থাই ডেপুটি প্রধানমন্ত্রী প্রাজ্জন জানটং শনিবার এই খবর নিশ্চিত করেছেন।
 
জানটং বলেন, গুগল প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করে থাই রাজপরিবারের জন্য অপমানজনক অনলাইন কনটেন্ট এর বিষয়ে অভিযোগ করেন। গুগল সার্চ ইঞ্জিন ও প্রতিষ্ঠানটির ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট ইউটিউবে থাই রাজপরিবারকে অপমান করা হচ্ছে। থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজ গত ১৩ অক্টোবর মৃত্যুর পর থেকে তাকে অপমান করে অন্তত ১০০টি কন্টেন্ট গুগল সার্ভিস ব্যবহার করে অনলাইনে ছড়ানো হয়েছে। উল্লেখ্য, থাইল্যান্ডে রাজপরিবারকে অপমান করার শাস্তি অনেক কঠোর। দেশটির ফৌজদারি আইনানুযায়ী এর শাস্তি ১৫ বছরের কারাদণ্ড।  
 
গুগল জবাবে জানিয়েছে, কনটেন্ট সরিয়ে নেয়ার বিষয়ে তারা নিজেদের বিদ্যমান নীতি অনুসরণ করছে। গুগল প্রতি প্রান্তিকে কনটেন্ট সরিয়ে নেয়ার সরকারি অনুরোধের বিষয়টি প্রকাশ করে থাকে। ২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত থাই সরকার ৩৩টি কনটেন্ট সরিয়ে নেয়ার অনুরোধ করেছিল গুগলের কাছে।
 
৩৩ অনুরোধের মধ্যে ১৫৬৬টি ব্যক্তিগত কন্টেন্ট ছিল যেগুলোকে দেশটির সরকারি সমালোচনা হিসেবে অভিহিত করা হয়। গুগল বলেছে, তারা থাই সরকারের ৮৫ শতাংশ অনুরোধ (১৩০০ পোস্ট থাইল্যান্ডে ব্লক কিংবা পরিপূর্ণভাবে সরিয়ে নেয়া হয়েছে) রক্ষা করেছে। তবে বলা হয়নি কতগুলো সম্পুর্ণ সরিয়ে নেয়া হয়েছে অথবা শুধু থাইল্যান্ডে ব্লক করা হয়েছে। রয়টার্স।
 
ইত্তেফাক/এসএসএ