শিশুশ্রমের অবসান ঘটাতে সরকার অঙ্গিকারাবদ্ধ : মুজিবুল হক

আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৭:৩৫
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, নির্বাচনী ইস্তেহারের অঙ্গীকার অনুযায়ী বর্তমান সরকার পর্যায়ক্রমে শিশুশ্রম বন্ধ করে দেবে। তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতির আলোকে বাংলাদেশের শিশুশ্রমের বিষয়টি বিবেচনা করতে হবে।
 
রাজশাহী নগরীতে আজ রবিবার বিভাগীয় শিশু শ্রমিক কল্যাণ পরিষদের জন্য সক্ষমতা বৃদ্ধি কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী একথা বলেন।
 
আন্তর্জাতিক শ্রম সংস্থা ও বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সহযোগিতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় হোটেল ডালাস ইন্টান্যাশনালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে।
 
রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার (সাধারণ) মুনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক বিভাগের মহাপরিদর্শক সাঈদ আহমেদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার মোস্তাক হোসেন, উপ-কমিশনার কাজী আশরাফ উদ্দিন এবং পুলিশের এসপি আবদুস সালাম বক্তব্য রাখেন।
 
জাতীয় শিশু শ্রমিক কল্যাণ পরিষদের সদস্য আবদুল্লাহ আল মামুন মূল প্রবন্ধে শিশু শ্রমিক বিষয় সার্বিকভাবে তুলে ধরেন। প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, দারিদ্র্য নিরসনের অগ্রগতির পাশাপাশি দেশের শিশু অধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটবে।
 
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশ থেকে ৫৫ হাজার শিশু শ্রমিককে সাধারণ জীবনে ফিরিয়ে আনতে সরকার কযেকটি প্রকল্প গ্রহণ করেছে। অনেক শিশু এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছে এবং ওই অবস্থা থেকে তাদের সরিয়ে আনার প্রতি সরকার গুরুত্ব দিচ্ছে। -বাসস।