নোয়াখালীতে কাউন্সিলর গ্রেফতার

আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৯:৫৬
চেক জালিয়াতির মামলায় নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নুর নবী সোহাগকে গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ। 
 
রবিবার সকালে তাকে শহরের ফকিরপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুরের নুরুজ্জামানের পুত্র।
 
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, ২০০৫ সালের ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ ৪র্থ এর আদালতে দায়েরকৃত একটি চেক জালিয়াতির মামলায় সোহাগের সাজা হয়। ওই আদালত গত বছরের ২০ জানুয়ারি নুর নবী সোহাগকে দোষী সাব্যস্ত করে তিন মাসের সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। 
 
রবিবার তাকে সুধারাম থানা পুলিশ গ্রেফতার করে নোয়াখালীর আদালতে সোপর্দ করলে তার পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করে। পরে সদর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমরেশ শীল জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।  
 
ইত্তেফাক/ইউবি