চবি ক্যাম্পাসে ছিনতাইয়ের শিকার ১০ শিক্ষার্থী

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২২:৩৮

ক্যাম্পাসের ভিতরে পাহাড়ের পাদদেশে বন্ধুর জন্মদিন পালন করার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী। গত রবিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পাশে হিল বটম দক্ষিণ জাঙ্গলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ছয়টি স্মার্টফোন এবং দুই হাজার টাকা নিয়ে যায় তারা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থী তাদের এক বন্ধুর জন্মদিন পালন করতে বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জের পিছন দিয়ে প্রায় দুই কিলোমিটার ভিতরে পাহাড়ের পাদদেশে যায়। এ সময় চারজন ছিনতাইকারী আগ্নেয়াস্ত্র এবং দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাদের কাছ থেকে মোবাইল এবং টাকা নিয়ে যায়।

ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী বলেন, মুখে কালো কাপড় বাধা চারজন আমাদের কাছ থেকে ছয়টি ফোন এবং দুই হাজার টাকা নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমরা পুলিশ পাঠাই সেখানে। ওটা বিশ্ববিদ্যালয়ের একটা দুর্গম এলাকা লোকজন তেমন থাকে না বললেই চলে। ওসব জায়গায় কমসংখ্যক শিক্ষার্থীর যাওয়া ঠিক না।