রানীনগরে পরিত্যক্ত মাটির ঘরে চলছে পাঠদান

আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ০৪:৪৮
নওগাঁর রানীনগর উপজেলার একডালা ইউপি’র শিয়ালা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটের কারণে পরিত্যক্ত মাটির ঘরে চলছে পাঠদান। মাটির দুটি পরিত্যক্ত কক্ষসহ মোট ছয়টি কক্ষে প্রতিদিন নিয়মিত গাদাগাদি করে পাঠ গ্রহণ করছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরিত্যক্ত ভবন যে কোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করছেন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সচেতন মহল। এছাড়াও পরিত্যক্ত মাটির ভবনের দরজা-জানালা, ছাউনির টিন নষ্ট হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের ব্রেঞ্চসহ সব আসবাবপত্র দিন দিন হারিয়ে যাচ্ছে।
 
জানা যায়, উপজেলার প্রত্যন্ত এই এলাকায় তত্কালীন কিছু শিক্ষানুরাগীর ব্যক্তিগত উদ্যোগে ১৯৬৯ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সেই সময় মাটির তিনটি কক্ষ নির্মাণ করে পাঠদান কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে বিদ্যালয়ে দুইশত ৮০ জন শিক্ষার্থী প্রতিদিন পাঠ গ্রহণ করছে। কিন্তু বর্তমানে বিদ্যালয়ে কক্ষের সংকট। যার কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ পরিত্যক্ত এই মাটির কক্ষে পাঠদান করাতে বাধ্য হচ্ছেন।  প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ সরকার জানান, বর্তমানে প্রত্যন্ত এলাকার এই বিদ্যাপিঠ নানা সমস্যায় জর্জরিত। কক্ষ সংকটের কারণে বাধ্য হয়ে মাটির ভবনের দুইটি কক্ষ সংস্কার করে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে।  কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে পাঠ গ্রহণ করতে বাধ্য হচ্ছে। এমনকি কক্ষ সংকটের কারণে একই কক্ষে গাদাগাদি করে পাঠ গ্রহণ করছে শিক্ষার্থীরা। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, এই বিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে।
 
ইত্তেফাক/এএন