রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবষের্র স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সকাল ৯টায় আইন অনুষদের (বি ইউনিট) বিজোড় রোল নম্বরধারীদের দিয়ে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
এরপর বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে ‘বি’ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা। দুপুর একটায় ব্যবসায় অনুষদের (ডি ইউনিট) বাণিজ্য গ্রুপের এবং সাড়ে তিনটায় অবাণিজ্য (মানবিক ও বিজ্ঞান) গ্রুপের পরীক্ষার মধ্য দিয়ে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শেষ হবে।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, রেজিস্টার প্রফেসর এন্তাজুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, প্রক্টর প্রফেসর মজিবুল হক আজাদ খান, জনসংযোগ দফতরের প্রশাসক মশিহুর রহমান প্রমুখ।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। সকল প্রকার আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তত রয়েছি। ডিজিটাল ডিভাইস বা কোনো কিছুর মাধ্যমে পরীক্ষায় যেকোনো জালিয়াতি রোধে পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলেও জানান তিনি।
২৫ অক্টোবর মঙ্গলবার ‘সি’ ও ‘এইচ’ ইউনিটের, ২৬ তারিখ ‘এ’, ‘জি’ ও ‘আই’, ২৭ তারিখ ‘ই’ ও ‘এফ’ ইউনিটের মধ্য দিয়ে রাবির ভর্তি পরীক্ষা শেষ হবে।
এ বছর ৫৬টি বিভাগ ও দুইটি ইনস্টিটিউটে চার হাজার ৭১৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ ৭৮ হাজার ৯৪৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে ৩৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
ইত্তেফাক/এএসএস
