বিএসইসি’র সংবাদ সম্মেলন বয়কট

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২২:৪৩

সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে উল্টো অসৌজন্যমূলক আচরণ করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সংবাদ সম্মেলনটি বয়কট করেছেন উপস্থিত সাংবাদিকরা। গতকাল আগারগাঁওয়ে বিএসইসি’র নিজস্ব ভবনে বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স ঢাকা ও চট্টগ্রাম ২০১৯ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অংশ নেওয়া  সাংবাদিকরা সংবাদ সম্মেলনটি বয়কটের সিদ্ধান্ত নেয়।

দুপুর ১২টায় সংবাদ সম্মেলন শুরুর কথা থাকলেও প্রায় ১ ঘণ্টা দেরিতে শুরু হয়। সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে, শেয়ার কারসাজি প্রমাণিত হওয়ার দায়ে কমার্স ব্যাংক ব্রোকারেজ হাউজের সাবেক কর্মকর্তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়, এ বিষয়টি উল্লেখ করে এক রিপোর্টার জানতে চান চক্রটি শেয়ার কারসাজি করে কত কোটি টাকা মুনাফা করেছে? প্রশ্নের উত্তরটি এড়িয়ে যান সংবাদ সম্মেলনে আসা পরিচালকরা।

এরপর সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে অনুমতি চেয়ে আবারও প্রশ্ন করেন এক রিপোর্টার। তিনি তার প্রশ্নে বলেন, ১০ কোটি টাকার কারসাজির দায়ে ৫০ লাখ টাকা জরিমানা কতটা যুক্তিসঙ্গত? এমন প্রশ্নের জবাবে কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান উত্তেজিত হয়ে বলেন, আপনার কাছ থেকে আমাদের শিখতে হবে না। কমিশন ভালো বুঝে কি করবে? এ সময় তার সঙ্গে বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

পরে ঐ রিপোর্টার বলেন, বিএসইসিতে ঢুকতে সাংবাদিকদের বাধা দেওয়া হয়। এ কারণে আপনাদের কাছে এসে প্রকৃত তথ্য জানতে পারছি না। আমাদের প্রবেশের সুযোগ দেন। যেভাবে বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও নির্বাচন কমিশনে প্রবেশ করা যায়।

তার কথা শেষ হতে না হতেই সংবাদ সম্মেলনের স্টেজ থেকে তেড়ে আসেন সাইফুর রহমান। তিনি বলেন, আপনাকে সংবাদ সম্মেলনে কে আসতে বলেছে? এখানে অনুষ্ঠান কভার করতে আসেননি। এসেছেন ভেজাল করতে? আপনারা বেশি এক্সেজ পাচ্ছেন, আপনি বেরিয়ে যান। এভাবে অসৌজন্যমূলক আচরণ করা হয়। এরপর উপস্থিত সাংবাদিকরা সংবাদ সম্মেলন বর্জন করেন।