টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক কলেজ ছাত্র সহপাঠীর ধারালো অস্ত্রের আঘাত খুন হয়েছেন। নিহত আল-আমিন (১৭) আলাউদ্দিন সিদ্দিকী কলেজের ১ম বর্ষের ছাত্র ছিল।
সোমবার সকালে উপজেলার কলেজ মার্কেটের পূর্বদিকে এ ঘটনা ঘটে। আল-আমিন নাগবাড়ী ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় নিহতের সহপাঠী বীরবাসিন্দা ইউনিয়নের আটাবাড়ী গ্রামের জহির উদ্দিনের ছেলে চাঁন মামুদ (১৮) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।
জানা গেছে, রবিবার কলেজ মাঠে চাঁন মামুদের সঙ্গে আল-আমিনের বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁন মামুদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় সোমবার সকাল সাড়ে চাঁন মামুদ তার অনুগামী কয়েকজনকে সঙ্গে নিয়ে কলেজ মাঠ থেকে আল-আমিনকে ডেকে মার্কেটের পূর্ব দিকের পিছনে খোলা জায়গায় নিয়ে যায়। এ সময় চাঁন মামুদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আল-আমিনকে কোপাতে থাকে মামুদ। আল-আমিন চিৎকার দিলে মামুদ তার ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই আল-আমিন নিহত হয়। এ সময় মামুদ দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএসএমইউ
