পার্বতীপুরে ৫ বছরের শিশুকে পাশবিক নির্যাতন, সিগারেটের ছ্যাঁকা

আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৭:২৬
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ১৮ ঘণ্টা আটকে রেখে পাশবিক নির্যাতন করা হয়েছে।
 
গত মঙ্গলবার দিনাজপুরের পার্বতীপুরের জমিরহাট তকেয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, গত বুধবার ভোরে হলুদ ক্ষেত থেকে ওই শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তাকে প্রথমে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়ে। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
 
পাশবিক নির্যাতনসহ তার শরীরে সিগারেটের আগুনের ছ্যাঁকা দেয়া হয়েছে।
 
ওই শিশুর বাবা বলেন, ‘গত মঙ্গলবার বেলা ১১টার দিকে আমার মেয়ে বাড়ির পাশের দোকানে চাটনি কিনতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় জিডি দায়েরসহ মাইকিং করা হয়। পরদিন বুধবার ভোরে বাড়ি সংলগ্ন হলুদ ক্ষেত থেকে সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। জ্ঞান ফিরলে সে জানায়, প্রতিবেশী কাঠ ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪০) ও সিঙ্গিমার বাদিয়াপাড়া গ্রামের আফজাল হোসেন তাকে পাশবিক নির্যাতনসহ সিগারেটের আগুনে ছ্যাঁকা দিয়েছে। এ ঘটনায় তিনি দুইজনকে আসামি করে মামলা করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ