ঢাবি উপাচার্যের সঙ্গে গ্রিসের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ২০:৩০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে গ্রিসের পররাষ্ট্র সচিব প্যারাসকেভো পাউলোস সাক্ষাৎ করেছেন। 
 
সোমবার  উপাচার্যের  কার্যালয়ে তাদের মধ্যে এই  সাক্ষাৎ হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূত পানোস ক্যালোজেরোপাওলোস এবং ডেপুটি চিফ অব মিশন আলিকি কাউতসুমিতোপাউলো। 
 
অনুষ্ঠানে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনসহ পররাষ্ট্রমন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 
 
সাক্ষাৎকালে তারা বাংলাদেশ এবং গ্রিসের মধ্যে বিরাজমান দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার করাসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গ্রিসের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। এ সময় তারা দু’ দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ এবং গ্রিসের শিক্ষা পদ্ধতি নিয়েও তারা মতবিনিময় করেন। 
 
পরে, উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক গ্রিসের পররাষ্ট্র সচিব এবং তার সফরসঙ্গীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন।
 
ইত্তেফাক/ইউবি