গ্রাহকদের কোটি টাকা আত্মসাত ও প্রতারণা মামলায় বরগুনার পাথরঘাটায় সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থার তিন কর্মকর্তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সোমবার দুপুরে তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. রেজওয়ানুজ্জামান তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
আসামিরা হলেন- সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহাদাত হোসেন ছগির, আঞ্চলিক ব্যবস্থাপক লক্ষ্মীকান্ত দাস ও হিসাব কর্মকর্তা প্রভাংশু সাহা।
জানা গেছে, বরগুনা, পাথরঘাটাসহ উপকূলীয় বেশ কয়েকটি উপজেলায় মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আজাদ ওরফে নয়া মিয়ার প্রতিষ্ঠিত সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের নামে ডিপিএসের (এক ধরনের মেয়াদী সঞ্চয়) মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়। ডিপিএসের মেয়াদ শেষ হলেও গ্রাহকদের টাকা ফেরত না দেওয়ায় উপজেলার হোগলাপাশা গ্রামের উষা রাণী বাদী হয়ে ওই সংস্থার পরিচালক শামসুদ্দিন আজাদ ওরফে নয়া মিয়াসহ ছয়জনকে আসামি করে পাথরঘাটা বিচারিক আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার আসামিরা হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
ইত্তেফাক/ইউবি
