আশুলিয়া থেকে গ্রেফতার নব্য জেএমবির দুই সদস্যের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তারা হলেন- হাসিবুল ইসলাম ও নফীজ আহম্মেদ ওরফে নয়ন। গত শনিবার তাদের আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়।
আজ সোমবার ঢাকার জেষ্ঠ্য বিচারিক হাকিম শাহজাদী তাহমিদা ওই রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষে রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন ওই আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবির বাবুল। তিনি জানান, আসামিদের রিমান্ড শুনানিতে তাদের পক্ষে কোনো আবেদন ছিল না।
এর আগে আশুলিয়া থানায় দায়ের হওয়া সন্ত্রাস বিরোধী আইনের মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৪ এর সহকারি পুলিশ সুপার উলু মং আসামিদের আদালতে হাজির করেন।
প্রকৃত রহস্য উদঘাটনের জন্য আসামিদের ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদেেন বলা হয়, আসামিরা নব্য জেএমবির সক্রিয় সদস্য। হাসিবুল জঙ্গি কার্যক্রমের অর্থায়নের কাজে নিয়োজিত মর্মে তথ্য পাওয়া গেছে। তার কাছ থেকে জঙ্গিদের কাজে ব্যবহারের জন্য সাতাশ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অপর আসামি নফীজওই অর্থ বিতরনের সঙ্গে জড়িত। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সংগঠনের মূল হোতা ও জড়িত অন্যান্যদের সম্পর্কে তথ্য উদঘাটন করা সম্ভব হবে।
ইত্তেফাক/কেকে
