বিচারকদের ছুটির আবেদন করতে হবে অনলাইনে

আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ২১:২৯
 
নিম্ন আদালতের বিচারকরা এখন থেকে অনলাইনে ছুটি ও কর্মস্থল ত্যাগের আবেদনের সুযোগ পাচ্ছেন। আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
 
‘ই-অ্যাপ্লিকেশন সফটওয়ারের’ মাধ্যমে দেশের ২১ টি জেলার বিচারকদেরকে এখন থেকে এভাবে ছুটির আবেদন করতে হবে। এ সংক্রান্ত আবেদন করার পর সুপ্রিম কোর্ট প্রশাসন তাত্ক্ষণিভাবে তা নিষ্পত্তি করে অনলাইনেই সংশ্লিষ্ট বিচারককে জানিয়ে দেবেন। সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত আদেশ জারি করে।
 
এ প্রসঙ্গে হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামাল হোসেন সিকদার ইত্তেফাককে বলেন, প্রচলিত নিয়মের পরিবর্তে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ছুটির আবেদন এবং তা নিষ্পত্তির ফলে বিচারকদের কাজে গতিশীলতা বাড়বে। তিনি বলেন, দীর্ঘদিনের নিয়ম ভেঙে নিন্ম আদালতের বিচারকগণের নৈমিত্তিক ছুটি ও কর্মস্থল ত্যাগের বিষয়টি দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষে এই অনলাইন ব্যবস্থা চালু করা হচ্ছে। যার ফলে এ সংক্রান্ত তথ্য ডাটাবেজে সংরক্ষণ করাও যাবে।
 
সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়, প্রাথমিকভাবে এই সফটওয়ারটি দেশের সকল জজশিপে প্রয়োগ না করে পরীক্ষামূলকভাবে প্রয়োগের জন্য ঢাকা, পাবনা, নারায়ণগঞ্জ, নাটোর, চাপাইনবাগঞ্জ, হবিগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ফেনী, মৌলভীবাজার, সিলেট, বরগুনা, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, খুলনা, যশোর ও গাজীপুর জেলা জজ আদালতকে বেছে নেয়া হলো।
 
শুরুতে শুধুমাত্র জেলা জজ পর্যায়ের বিচারকরা এই পদ্ধতিতে ছুটি ও কর্মস্থল ত্যাগের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তীকালে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন ও সংশোধনের মাধ্যমে আগামী পহেলা জানুয়ারি হতে পর্যায়ক্রমে সারাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য চালু করা হবে।
 
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দায়িত্ব গ্রহনের পর থেকেই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের অনুমতি ব্যাতিরেকে নিন্ম আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশনা জারি করে।
 

ইত্তেফাক/এএম।