বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও দৈনিক আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার কাজী নাজমুল হক ফয়সাল পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি। গত সোমবার ক্র্যাবের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ার এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ মার্চ রবিবার সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনকালে গুলশান-১ লিংক রোডে গুদারাঘাট সংলগ্ন চেকপোস্টে পুলিশের এএসআই মাসুম এবং কনস্টেবল মমিন তাকে লাঞ্ছিত করে। এসময় পুলিশের তল্লাশির ছবি তোলায় তারা ফয়সালকে গ্রেফতার ও ক্রসফায়ারের হুমকি দেয়। একই সাথে ফয়সালের মোবাইলে তোলা তল্লাশির ছবি মুছে ফেলতে বাধ্য করে। ক্র্যাব সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
