বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এলাকার সৌন্দর্য বাড়িয়ে এটিকে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করার সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটি সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সিমিন হোসেন রিমি, সাইমুম সরওয়ার কমল ও সুকুমার রঞ্জন ঘোষ অংশ নেন।
বৈঠকে বিএফডিসি’র জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন কোম্পানিগুলোর পণ্যকে অগ্রাধিকার দেয়ার সুপারিশ করা হয়। যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথাও বলেছে কমিটি। এছাড়া কমিটি অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ পরিহারের পরামর্শ দিয়ে বিদেশি প্রশিক্ষণে অর্জিত অভিজ্ঞতা দেশের কাজে লাগানোর জন্য বিএফডিসি’র কর্মকর্তাদেরকে নির্দেশনা দেয়।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রথমবারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কমিটির পক্ষ তাদেরকেসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
ইত্তেফাক/এমআই
