সৈয়দপুর বিমানবন্দরে স্থাপিত হচ্ছে অত্যাধুনিক আকাশ যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ০১:২৩
অত্যাধুনিক আকাশ যোগাযোগ প্রযুক্তি স্থাপন হয়েছে সৈয়দপুর বিমানবন্দরে। ব্যস্ততম ওই বিমানবন্দরটিতে ডপলার ভেরি হাই ফ্রিকুইয়েন্সি অমনি ডাইরেকশনাল রেডিও রেঞ্জ(ডিভিওআর) ও ডিসটেন্স ম্যাজারিং ইকুইপমেন্ট(ডিএমই) নামে দুটি যন্ত্র স্থাপন করা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ডিভিওআর ও ডিএমই স্থাপন করা হয়েছে বিমানবন্দরের টার্মিনাল ভবনের পাশে। প্রায় ২০ শতক জায়গার ওপর নির্মাণ হয়েছে ওই আকাশ যোগাযোগ স্থাপনাটি।
 
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানায়, আকাশ নিরাপত্তা ও বিমানের নির্বিঘ্ন চলাচলে ওইসব প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে বিমানবন্দরের পরিচালনা (অবজার্ভেশন) টাওয়ার থেকে বিমান চলাচলে নির্দেশনা দেয়া হচ্ছিলো। প্রযুক্তিটি চালু হলে বিমান কত দূরত্বে (ডিসটেন্স ম্যাজারিং) অবস্থান করছে, কোন্ গতিপথে রয়েছে, অর্থাত্ আকাশপথ নির্দেশনায় ওই দুই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে পথ প্রদর্শন করবে। জাপানি অর্থ সহায়তাকারী প্রতিষ্ঠান জাইকা সৈয়দপুর বিমানবন্দরে ওই প্রযুক্তি স্থাপনে অর্থ সহায়তা দিয়েছে। যা সম্পূর্ণ অনুদাননির্ভর। এ ধরনের যোগাযোগ প্রযুক্তি স্থাপনে ১০ কোটি টাকা ব্যয় হতো বলে জানায় বিমানবন্দর সূত্র। এদিকে প্রযুক্তি স্থাপনের পর এখন তা পরিচালনায় প্রশিক্ষণ চলছে। ঢাকা থেকে আসা সিভিল অ্যাভিয়েশনের দু’জন প্রকৌশলী ও সৈয়দপুর বিমানবন্দরের প্রকৌশলীরা এ সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করছেন। এ প্রশিক্ষণ চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রশিক্ষণ পরিচালনা করছেন দক্ষিণ কোরিয়ার অ্যাভিয়েশন প্রকৌশলী মি.লি.।
 
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহীন আহমেদ জানান, খুব শিগগিরই এ বিমানবন্দরটি আঞ্চলিক আন্তর্জাতিক হচ্ছে। এর ধারাবাহিকতায় বিমানবন্দরের প্রযুক্তি-প্রকৌশল খাতগুলো আধুনিকায়নের কাজ চলছে। এর ফলে বিমান চলাচল আরও নির্বিঘ্ন হবে। তিনি বলেন, আধুনিক বিমান পরিচালনা সেবায় সৈয়দপুর বিমানবন্দরে রাডার স্থাপনের প্রক্রিয়াটিও কর্তৃপক্ষের সক্রিয় বিবেচনায় রয়েছে।
 
ইত্তেফাক/এএন