কঠোর নিরাপত্তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবষের্র স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সকাল ৯টায় আইন অনুষদের (বি ইউনিট) বিজোড় রোল নম্বরধারীদের দিয়ে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
এরপর বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে ‘বি’ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা। দুপুর ১টায় ব্যবসায় অনুষদের (ডি ইউনিট) বাণিজ্য গ্রুপের এবং সাড়ে ৩টায় মানবিক ও বিজ্ঞান গ্রুপের পরীক্ষার মধ্য দিয়ে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শেষ হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, সকল প্রকার আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তুত রয়েছি। ডিজিটাল ডিভাইস বা কোনো কিছুর মাধ্যমে যেকোনো জালিয়াতি রোধে পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার ‘সি’ ও ‘এইচ’ ইউনিটের, আগামীকাল ২৬ অক্টোবর ‘এ’, ‘জি’ ও ‘আই’ এবং ২৭ অক্টোবর ‘ই’ ও ‘এফ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে রাবির ভর্তি পরীক্ষা শেষ হবে।
ইত্তেফাক/এএন
