ফেনী পল্লি বিদ্যুৎ অফিসে গণহারে কর্মী ছাটাই, প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৫:৩৫
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতিতে গণহারে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে বিক্ষোভ মিছিল, অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফেনী পল্লি বিদ্যুৎ সমিতি ঐক্য পরিষদের জেলা ও উপজেলার কর্মকর্তা কর্মচারীরা।
 
মঙ্গলবার দুপুরে ফেনী পল্লি বিদ্যুৎ অফিসের সামনের মহাসড়কে প্রায় দুই শতাধিক মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা এই কর্মসূচিতে অংশ নেন।
 
আন্দোলনকারীরা গণছাটাইকৃত কর্মচারীদেরকে পুনর্বহাল ও চাকরি স্থায়ীকরণসহ পাঁচ দফা দাবির ঘোষণা দেন। মঙ্গলবার থেকে সারাদেশ ব্যাপী এই আন্দোলন কর্মসূচি চলবে বলেও জানান তারা।
 
মহাসড়ক অবরোধের খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন।  এ সময় জাতীয় মহাসড়কে যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 
ফেনী পল্লি বিদ্যুৎ সমিতির ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রহমান জানান, সারা দেশের ন্যায় ফেনীতেও আজ থেকে কর্মসূচি শুরু হলো। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে।
 
ইত্তেফাক/এমআর/এএসএমইউ