গাজীপুরে সিএনজি চালক হত্যায় একজনের ফাঁসির আদেশ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৫:১০
 
গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এই মামলায় ছয়জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এই আদেশ দেন।
 
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রিপন মিয়া নরসিংদীর শিবপুর থানার গড়বাড়ী এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে। রায়ে একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও অন্য একটি ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
 
খালাস পাওয়া আসামিরা হলেন-রমজান, সাদ্দাম, মোবারক, বিল্লাল, কাজল ও আকরাম । 
 
গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ জানান, ২০১৩ সালের ১৪ জুন আসামিরা যাত্রীবেশে সিএনজি ভাড়া করে। সিএনজিটি কাপাসিয়া সম্মানীয় এলাকায় পৌঁছালে সিএনজি চালক পারভেজ ভুঁইয়াকে (২০) এলোপাতাড়ি কুপিয়ে পার্শ্ববর্তী  চৌনিলক্ষ্মী গ্রামের সিরাজুল হক মোল্লার কলাবাগানে ফেলে রাখে। পরে পুলিশ পারভেজের লাশ উদ্ধার করে। এই ঘটনায় পারভেজের চাচা কিরণ ভূঁইয়া বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 
২০১৫ সালের ২৬ নভেম্বর এই মামলায় আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করে আদালত।
 
ইত্তেফাক/এএসএস