আগামী ৩১ মার্চ গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণার উত্তাপ ততই বাড়ছে। এ নির্বাচনে তিন পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী লড়ছেন। তবে সাধারণ ভোটারদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মু. শাহীন শাহ্।
অপরদিকে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সামসুজ্জামান লিকন বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের কাউকেই দেখা যাচ্ছে না তার পাশে। নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নৌকা মার্কার প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য মু. শাহীন শাহ্। তিনি তৃণমূল ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন ইউনিয়নে ব্যাপক পথসভা, উঠান বৈঠকসহ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের মাঠ অনেকটাই নৌকার দখলে। নৌকার প্রার্থী যদি শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেন তবে বিপুল ভোটের ব্যবধানে বিজয় হবে বলে মনে করেন অনেকেই।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা মার্কার নির্বাচনী কমিটির আহবায়ক অধ্যাপক সন্তোষ দে জানান, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের ঘাঁটি। টানা ছয়বার গলাচিপা-দশমিনা সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে টানা দুুইবার আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেন। এ নির্বাচনেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।
