ধুনটে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৯:৪১
বগুড়ার ধুনট উপজেলায় ইমাম হত্যা মামলায় আরিফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ধুনট উপজেলার মহিশুরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আরিফুল ইসলাম ধুনট উপজেলার বানিয়াগাতি গ্রামের মৃত মহসীন আলমের ছেলে। তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। 
 
মামলা সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রাত ১০টার দিকে ধুনট উপজেলার বানিয়াগাতি জামে মসজিদে তারাবির নামাজে ইমামতি শেষে পাশের বলারবাড়ি গ্রামে ফিরছিলেন কাজী মতিউর রহমান। পথিমধ্যে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে ধুনট থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলাম। 
 
ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, মতিউর রহমান হত্যার পর থেকে পলাতক ছিলেন আরিফুল ইসলাম। মঙ্গলবার বিকেলে মহিশুরা বাজার থেকে আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি