লাঞ্ছনার ঘটনায় সাক্ষ্য দিলেন শ্যামল কান্তি ভক্ত

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ২০:৪৩
নারায়ণগঞ্জের হাজী পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত লাঞ্ছিতের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিয়েছেন।
 
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে জেলা আদালত ভবনের পিছনে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রধান ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) শেখ হাফিজুর রহমানের কাছে লাঞ্ছিত হওয়ার ঘটনার বর্ণনা দেন।
 
এছাড়াও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যানসহ মোট ১৮ জনকে আজ তদন্ত কমিটি তলব করেছে। এরমধ্যে সন্ধা সোয়া ছয়টা পর্যন্ত নয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
আগের দিন সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় অবমাননার অভিযোগকারী স্কুল ছাত্র রিফাত হাসানসহ মোট ১৮ জনের সাক্ষ্য নেয়া হয়। 
 
এ বছরের গত ১৩ মে ধর্মীয় অবমাননার অভিযোগে বন্দর উপজেলার কল্যানদী এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান কান ধরে উঠ বস করান। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে সাড়াদেশে ক্ষোভ সৃষ্টি হয়। 
 
এর আগে এই ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও পুলিশ তদন্ত করে। পরে হাইকোর্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম)কে তদন্ত করে আগামী ৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ ব্যাপারে ৬ নভেম্বর হাইকোর্টে আদেশের দিন ধার্য্য রয়েছে। -বাসস।
 
 
 
ইত্তেফাক/এমআই