স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা ঝিনাইদহের লিটু গ্রেফতার

আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ০৮:৩৫
 
ঝিনাইদহের স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা সেই লিটুকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে সদর উপজেলার নৃ-সিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ছুরি ও ৩ টি হাতবোমা।
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে লিটু সদর উপজেলার নৃ-সিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।
 
উপস্থিতি টের পেয়ে লিটু পুলিশকে লক্ষ্য করে ২ টি হাতবোমা ছুড়ে মারে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টাগুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয় লিটু। পরে সেখান থেকে ছুরি ও ৩ টি হাতবোমা উদ্ধার করা হয়।
 
সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এর আগে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের উপ-শহর পাড়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় লিটু।
 
এ ঘটনায় সোমবার রাতে স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করে। মঙ্গলবার ওই মামলায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
 
ইত্তেফাক/আরএ