খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক চৌধুরীকে অবাঞ্চিত ও কমিশনের সকল কার্যক্রম প্রতিহতের ঘোষণা দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। একই সঙ্গে ভূমি কমিশনের কার্যক্রম বন্ধ না হলে আগামী ২৯ অক্টোবর থেকে লাগাতার কর্মসূচির হুমকি দেয়া হয়েছে।
বুধবার খাগড়াছড়ি জেলা সদরে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে সংগঠনের জেলা শাখার সভাপতি মো. মাঈন উদ্দিন এ কর্মসূচির ঘোষণা দেন। এর আগে বিভিন্ন উপজেলা থেকে বাঙালি ছাত্র পরিষদের কয়েক শ নেতা-কর্মী খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মাঠে জমায়েত হয়। পরে মিছিল সহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূমি কমিশনের কার্যালয়ের মূল ফটকের সামনে পৌঁছালে পুলিশি বাধার মুখে সেখানেই মিছিলকারীরা রাস্তা অবরোধ করে সমাবেশ করে। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক সাহাজল হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ও ভূমি রক্ষা কমিটির নেতা আবুল কাসেম বক্তব্য রাখেন।
উল্লেখ্য, পাহাড়ে ভূমি বিরোধ নিষ্পত্তি করার লক্ষ্যে চলতি বছরের ৮ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্তদের ৪৫ দিনের মধ্যে আবেদন চেয়ে জারি করা গণবিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ২৪ অক্টোবর পর্যন্ত প্রায় ১৪ হাজার আট শ ব্যক্তি আবেদন জমা দেন। এদিকে আগামী ৩০ অক্টোবর রাঙ্গামাটিতে পার্বত্য ভূমি কমিশনের দ্বিতীয় বৈঠক আহ্বান করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলামের মেয়াদেও আরো এক দফা গণবিজ্ঞপ্তি জারি করা হয়। সে সময় চার হাজার চার শ আটটি আবেদন কমিশনে জমা পড়েছিল।
ইত্তেফাক/এএসএমইউ
