‘বড় ধরণের নাশকতার পরিকল্পনা ছিল নব্য জেএমবির’

আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৯:২৬
বাগেরহাটের বড় ধরণের নাশকতার পরিকল্পনা করেছিল নব্য জেএমবির জঙ্গিরা। বাগেরহাটে পুলিশের হাতে আটক হওয়া চার জঙ্গি এমন তথ্য দিয়েছে। 
 
মঙ্গলবার বিকেলে বাগেরহাটের জেষ্ঠ্য বিচারিক হাকিম মো. আসিফ আকরামের আদালতে চার জেএমবি সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দি শেষে আকাশ, হাবিবুল্লাহ, মিজান ও কবীরুলকে কঠোর নিরাপত্তার মধ্যে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। 
 
বুধবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জ ডিআইজি মো. মনিরুজ্জামান বলেন, বাংলা ভাইয়ের সঙ্গে কাজ করতো এমন এক জেএমবি নেতা এখন দক্ষিনাঞ্চলে তৎপরতা চালাচ্ছে। বাগেরহাটের কচুয়ায় মঙ্গলবার রাতে আটক এই ৪ জঙ্গিসহ একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছে ওই নেতা। নব্য জেএমবির এই টিম লিডার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলেও দ্রুত গ্রেপ্তারের স্বার্থে তার পরিচয়  প্রকাশ করেনি পুলিশ।  নব্য জেএমবির এই গ্রুপটি বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর ও যশোর জেলার একাংশে আওয়ামী লীগ নেতা ও পুলিশকে টার্গেট করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছে। 
 
ডিআইজি আরো বলেন, নব্য জেএমবির এই গ্রুপটিতে রয়েছে আইটি বিশেষজ্ঞ। তারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে নিজস্ব সফটওয়্যার তৈরি করেছে। আটক ৪ জেএমবি জিজ্ঞাসাবাদে পুলিশকে এ সব তথ্য জানিয়েছে। 
 
সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সহকারী পুলিশ সুপার জিয়াউল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/ইউবি